কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ৭৪ নম্বর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেব দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছেন। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত একটি গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। আবেগঘন পরিবেশে উপস্থিত অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আকতার হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোতাহের হোসেন, নির্বাহী সভাপতি মো. খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, নাছির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম আলম, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান কামাল, সমাজসেবক মহিউদ্দিন শামীম, অনুভব নোয়াগাঁও স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির প্রধান, সমাজসেবক আবুল হোসেন এবং নোয়াগাঁও সমাজকল্যাণ পাঠাগারের মো. মাহবুব হায়দারসহ অনেকে।
বক্তারা বলেন, আব্দুল মোতালেব একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের ফলাফল শতভাগে উন্নীত হয় এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসে। তার বিদায়ে বিদ্যালয় একজন অভিজ্ঞ ও আদর্শ শিক্ষকের সান্নিধ্য হারালো।
বিদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেব আবেগাপ্লুত হয়ে বলেন, “জীবনের সবচেয়ে বড় সময়টা এই বিদ্যালয়ের জন্য ব্যয় করেছি। আজকের এই ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি দায়িত্ব, আদর্শ ও ভালোবাসার জায়গা।”
তিনি আরও বলেন, “এই বিদ্যালয় আমার কাছে সন্তানের মতো। অবসরে গেলেও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধির জন্য আমার শুভকামনা ও দোয়া সবসময় থাকবে।”
জানা যায়, মো. আব্দুল মোতালেব ১৯৯০ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০০৫ সালে তিনি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ প্রায় ২০ বছর এই বিদ্যালয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি অবসরে গেলেন।
অনুষ্ঠান শেষে সুসজ্জিত একটি প্রাইভেটকারে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান।

