আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার (১ জুলাই) বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে নীমতলা বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের বিস্তার ঘটেছে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে মাদক কেনাবেচার কারণে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।
এলাকাবাসীর দাবি, মাদক বিক্রি ও সেবন বন্ধে বিভিন্ন সময় সভা-সেমিনার করলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অভিযোগ, মাদক ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পরও তারা কিছুদিনের মধ্যে জামিনে বা অন্যভাবে মুক্ত হয়ে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।
মানববন্ধনে রাকিব সরদার, আজিজুল সিকদার, সুমন বেপারী, রাফসান, নিরব হোসেন, জিহাদ বেপারী, তাজকির আহমেদ, মারুফ কাজী, আসাদুল মোল্লা, রিয়াজ হোসেনসহ স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী বক্তব্য রাখেন।
কর্মসূচি থেকে এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

