নোয়াখালী প্রতিনিধি
হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, লেখক, কবি-সাহিত্যিক এম. দিলদার উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জুলাই) শেষ রাত পৌনে ৩টার দিকে নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই দিন বাদ আসর নোয়াখালী জেলা সদরের কালিতারা বাজার সংলগ্ন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম এম. দিলদার উদ্দিন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ছৈয়দিয়া বাজার এলাকার মরহুম সামছুল হক জাহাঙ্গীর মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে এম. দিলদার উদ্দিন হাতিয়ার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জনজীবনের নানা দিক তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন লেখক, গল্পকার, উপন্যাসিক ও কবি-সাহিত্যিক। তার সম্পাদিত ‘হাতিয়া কণ্ঠ’ স্থানীয় সাংবাদিকতায় বিশেষ অবদান রেখে আসছে।
তার মৃত্যুতে নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন, হাতিয়া প্রেস ক্লাব, দৈনিক সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক মোহাম্মদ সোহেল বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

