ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে আবুল কাসেম (৪৬)।
শুক্রবার দুপুরে বড় ফেনী নদীর সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের ভাই আবুল হাসেম জানান, আবুল কাসেম হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় তিন বছর আগে নিখোঁজ হন। বিশ্বম্ভরপুর থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা শুক্রবার বিকেলে সুনামগঞ্জ থেকে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

