নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী ও দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাউচারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেয় মাসুম। পথে মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক নারী, দুই শিশুসহ মোট ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি তদন্ত করে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

