ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া জাল বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাল বাজার সংলগ্ন স্থানীয় রিজার্ভ পুকুরপাড় এলাকার চারটি গোডাউনে আকস্মিক তল্লাশি চালিয়ে দেশের মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ চায়না দুয়ারি, চাই বুসনা, চরঘেরা ও ছোট বাঁধা জাল জব্দ করা হয়। পরে এসব জাল স্থানীয় লঞ্চঘাট এলাকায় নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় চারজন গোডাউন মালিকের মধ্যে দুজনকে পাওয়া গেলেও অপর দুজন পালিয়ে যান। উপস্থিত দুই মালিক হলেন জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার মোসলেম উদ্দিন খানের ছেলে রেজওয়ান খান (২৫) এবং ভাণ্ডারিয়া সদরের লতিফ হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৬০)। তাদের প্রাথমিকভাবে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত না থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মো. হাসিবুল হাসান বলেন, “দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও নিয়মিত মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

