মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিস আনজুম আরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজ, মুন্সীগঞ্জের অধ্যক্ষ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
ওরিয়েন্টেশনে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গাইডিং কার্যক্রমের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা, সেবার মানসিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন।

