ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে জাকির কসাই নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে জব্দ করা প্রায় ৮০ কেজি (প্রায় দুই মণ) পচা মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. তানজির নাঈম উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, জাকির কসাই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও পচা মাংস বিক্রি করে আসছিলেন—এমন তথ্যের ভিত্তিতে তার দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা স্বার্থ বিবেচনায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পচা মাংস বিনষ্ট করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান বলেন, “ভেজাল, বাসি ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির মাধ্যমে যারা জনস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

