নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের উদ্যোগে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল ‘প্রফেসর ড. মনিরা হোসেন স্মৃতি আলাপ ও চা-চক্র’-এর ষষ্ঠ পর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ও জটিল একটি চ্যালেঞ্জ। মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। দীর্ঘমেয়াদে এ সংকট দেশের পরিবেশ, অর্থনীতি, শ্রমবাজার, সামাজিক স্থিতিশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু কর্মমুখী শিক্ষা প্রদান নয়; বরং মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা, গবেষণা, সুকুমারবৃত্তি ও বুদ্ধিবৃত্তিক চর্চার বিকাশ ঘটানো। এ ধরনের একাডেমিক আলোচনা সমাজে সচেতনতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্জন ও বহুমাত্রিক কার্যক্রম আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. আলী করিম। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর নৃ-তাত্ত্বিক পরিচয়, ঐতিহাসিক পটভূমি, ভাষা, ধর্ম, সংস্কৃতি, নাগরিক অধিকার, রাষ্ট্রহীনতা, বাস্তুচ্যুতি এবং সমসাময়িক মানবিক সংকটের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। পাশাপাশি মিয়ানমারের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকট এবং এ সংকট সমাধানে শিক্ষাবিদ ও গবেষকদের সম্ভাব্য ভূমিকার বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। আলোচনা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

