Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রায় ৫৫টি মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মান্দা সদর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার সংলগ্ন কামারকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগকারী উপজেলার কামারকুড়ি গ্রামের মৃত তমিজ উদ্দিন মণ্ডলের ছেলে ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম। অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃত আক্তার হামিদ সোনারের ছেলে মতিউর রহমান (৩২) ও দেলোয়ার হোসেন (৩৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, কামারকুড়ি মৌজার ১৫৯ নম্বর খতিয়ানের ৭৩২ দাগের ২০ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সহিদুল ইসলামের দাবি, তিনি জমিটি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন এবং সেখানে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন। সম্প্রতি অভিযুক্তরা ওই জমির এক পাশ দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ায় মঙ্গলবার রাতে তার জমিতে থাকা প্রায় ৫৫টি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

সহিদুল ইসলাম বলেন, “অভিযুক্তরা আমার জমির ওপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছেন। এর আগেও তারা আমার দোকানঘরের দেয়াল ভেঙে রাস্তা বের করার চেষ্টা করেছিলেন। এবার গাছ কেটে ব্যাপক ক্ষতি করেছেন। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মতিউর রহমান বলেন, “গাছ কে বা কারা কেটেছে, তা আমি জানি না। সহিদুল ইসলাম জাল দলিলের মাধ্যমে আমাদের জমি দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আমাদের হয়রানি করতেই এ ধরনের অভিযোগ করা হয়েছে।”

এ বিষয়ে মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।