সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
টানা ভারী বর্ষণে নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ ও আদর্শ গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বসতঘরে পানি ঢুকে পড়ায় তিন দিন ধরে অনেক পরিবারের চুলায় আগুন জ্বলেনি। রান্না করা খাবারের বদলে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন তারা। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট এবং সাপ-জোঁকের উপদ্রবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণ এবং উজানের কয়েকটি উপজেলা থেকে নেমে আসা পানির কারণে আশ্রয়ণ পল্লিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বসতঘরে পানি প্রবেশ শুরু হলে বর্তমানে পুরো এলাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে। এতে ঘরবাড়ি, রান্নাঘর ও চুলা তলিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা।
শনিবার সরেজমিনে দেখা যায়, অধিকাংশ পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। রান্নার সুযোগ না থাকায় শুকনো খাবারই তাদের একমাত্র ভরসা। জলাবদ্ধতার কারণে এলাকায় সাপ ও জোঁকের উপদ্রবও বেড়ে গেছে। নিরাপত্তার শঙ্কায় নারী ও শিশুরা পানিতে নামতে ভয় পাচ্ছেন। সাপের আতঙ্কে অনেক পরিবারের রাত কাটছে নির্ঘুম।
পল্লির বাসিন্দা বায়োজিদ হোসেন বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে পল্লিতে পানি ঢুকতে শুরু করে। এখন পুরো এলাকায় হাঁটুসমান পানি। রান্নার চুলা ডুবে গেছে, ঘরেও পানি উঠেছে। তিন দিন ধরে রান্না করা খাবার খেতে পারিনি। খুব কষ্টে দিন কাটছে।”
আরেক বাসিন্দা মরিয়ম বেগম বলেন, “ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। চুলা তলিয়ে যাওয়ায় রান্না করা যাচ্ছে না। স্থানীয় দু-একজন নেতা ছাড়া আর কেউ খোঁজখবর নিতে আসেনি।”
এদিকে শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দি ২০০ পরিবারের মধ্যে স্যালাইন, মোমবাতি ও শুকনো খাবার বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছার রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সার্থী বলেন, “এটি বন্যা নয়, হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে। মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় আজ পানিবন্দি পরিবারগুলোর মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

