নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।
রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, ধর্মীয় পরিক্রমা, গীতা পাঠ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তদের উলুধ্বনি, শঙ্খ ও কাঁসর-ঘণ্টার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আরোহন করানো হয়।
এরপর শহরের শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির সংলগ্ন একটি পুরাতন মাঠ থেকে প্রথম টানের মাধ্যমে রথযাত্রা শুরু হয়ে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। আয়োজকরা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় দ্বিতীয় টান দেওয়া হবে এবং আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
রথযাত্রায় অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষের সমাগম ঘটে। অন্যান্য ধর্মাবলম্বীরাও উৎসব উপভোগ করতে সেখানে উপস্থিত হন।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে নিজ মন্দির থেকে মাসির বাড়িতে গমন করেন। রথের দড়ি টানাকে পুণ্যলাভের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ঘিরে বসেছে ৯ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টান্ন, খেলনা, গৃহস্থালি সামগ্রী ও বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বুড়া কালিমাতা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, সহ-সভাপতি শিশির কুমার দাস, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ভক্ত।
মন্দির কমিটির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, “রথযাত্রার আগে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ এবং হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই এখানে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। আগামী ২৪ জুলাই উল্টো টানের মধ্য দিয়ে এবারের উৎসবের সমাপ্তি হবে।”

