রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নগরীর শহীদ জিয়া শিশুপার্ক সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সিটি কর্পোরেশন ভবিষ্যতেও পাশে থাকবে। এ সময় তিনি প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান।
এছাড়া রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

