সাইফুল ইসলাম, বরিশাল থেকে
গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই বরিশাল নগরীতে নেতাকর্মীদের ঢল নামে। দুপুর ২টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল, ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো মিছিলের পদচারণায় মুখর হয়ে ওঠে। একের পর এক মিছিল এসে জড়ো হতে থাকে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আয়োজকদের দাবি, বিভাগজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য ও শৃঙ্খলাবদ্ধ মিছিল বের করা হয়। বরিশাল নগরীর টাউন হল চত্বর থেকে উপজেলা আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি আব্দুস সালাম মাঝির নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে বিভাগীয় সমাবেশে যোগ দেয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশমুখী সড়কগুলো।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিয়েছেন। জনগণের অধিকার আদায়ে আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশকে ঘিরে বরিশাল নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ মোড় ও সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

