মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আমতলা–রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার থেকে কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির টেকসই সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সরকারি অর্থায়নে একাধিকবার সংস্কার করা হলেও অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবাজার–কুতুবপুর সড়কটি উপজেলা সদর, রায়েরবাজার এবং তাড়াইল সড়কের চৌরাস্তার সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন শত শত শিক্ষার্থী ছাড়াও আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন।
এছাড়া বঙ্গবাজার এলাকায় অবস্থিত ফকির অটো রাইস মিলের ধান, চাল ও অন্যান্য পণ্য পরিবহনে নিয়মিত ভারী ট্রাক চলাচল করায় সড়কটির ওপর অতিরিক্ত চাপ পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ভাঙাচোরা অংশের কারণে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। জরুরি রোগী পরিবহনেও সৃষ্টি হয় ভোগান্তি।
এই সড়ক দিয়েই কুতুবপুরে অবস্থিত নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের বাড়ি, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, স্থানীয় পর্যটন এলাকা এবং ঐতিহাসিক রোয়াইলবাড়ী দুর্গে যেতে হয়। ফলে পর্যটক ও গবেষকরাও চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এলাকাবাসীর প্রশ্ন, বারবার সরকারি অর্থ ব্যয় করে সংস্কার করার পরও কেন সড়কটি দীর্ঘস্থায়ী হচ্ছে না। তারা মনে করেন, নির্মাণকাজে মানসম্মত নকশা, উন্নত নির্মাণসামগ্রী এবং ভারী যানবাহনের চাপ যথাযথভাবে বিবেচনায় না নেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু সাময়িক সংস্কার নয়, সড়কটির ভিত্তি শক্তিশালী করে প্রয়োজনীয় প্রশস্তকরণ এবং টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় পুনর্নির্মাণ করা হোক। একই সঙ্গে নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকিরও দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত একটি মানসম্মত ও টেকসই সড়ক নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

