Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দিঘির পাড় ধসে বসতভিটা বিলীনের পথে, প্রশাসনের সহায়তা চাইলেন বিলকিস বেগম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল গ্রামে একটি দিঘিতে অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে পাড় ধসে বসতভিটা বিলীনের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন শাহ আলম মিয়ার পরিবার। অসহায় ওই পরিবারের সদস্যরা প্রশাসন ও দেশবাসীর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

রোববার (১৯ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৮ একর আয়তনের দিঘির পাড় ভেঙে শাহ আলম মিয়ার বাড়ির একটি অংশ দিঘিতে বিলীন হয়ে গেছে। রান্নাঘর, টয়লেট, বসতঘরের অংশ এবং কয়েকটি গাছপালা ধসে পড়েছে। পরিবারটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

শাহ আলমের স্ত্রী বিলকিস বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি। এই বসতভিটা ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই। দিঘির পানি কমানোর পর পাড় ভেঙে আমাদের ঘরবাড়ি দিঘিতে তলিয়ে গেছে। অনেক অনুরোধ করেও কোনো সহযোগিতা পাইনি। এখন আমরা কোথায় যাব?”

স্থানীয়দের অভিযোগ, তিন বছরের জন্য ইজারা দেওয়া দিঘিটিতে অপরিকল্পিতভাবে মাছ চাষের কারণে প্রতিবছর পাড় ধসে আশপাশের বসতবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনার ক্ষতি হচ্ছে। বিষয়টি একাধিকবার পরিচালনা কমিটিকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় শাহ আলমের বসতঘরের অবশিষ্ট অংশও ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে দিঘির পরিচালনা কমিটির সভাপতি সাহেব আলী সিকদার বলেন, “দিঘির পরিচালনায় একাধিক ব্যক্তি দায়িত্বে রয়েছেন। ইজারার অর্থও সবাই ভাগ করে নেন। আশপাশের মানুষের ক্ষয়ক্ষতির জন্য আলাদা কোনো তহবিল বা ব্যবস্থা আমাদের নেই।”

ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, ক্ষয়ক্ষতির তদন্ত এবং বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।