Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেওয়া হবে না’— পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টি বরদাশত করা হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষকদের কৃষিঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। অতীতের মতো সার নিয়ে সিন্ডিকেটবাজি আর চলবে না। প্রশাসনকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যে দলেরই হোক, কেউ যদি সার নিয়ে অনিয়ম বা সিন্ডিকেট করে, তাকে আইনের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করছে এবং কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষককে এ কার্ড দেওয়া হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের ঘাটতি পূরণে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়সহ অন্যরা।

অনুষ্ঠান শেষে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের হাতে মোট ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষিঋণ মওকুফের সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে পাঁচটি করে ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়। মোট ২৯ হাজার ৪৫০টি চারা বিতরণ করা হয়।

পরে কৃষকদের অংশগ্রহণে হাঁস ধরা, কলাগাছ খেলা ও অন্যান্য গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।