ঝালকাঠি প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত পথসভায় দলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।
রোববার বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অতীতে এস আলম ব্যাংক ও দেশের সম্পদ লুট করেছে এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমানে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে বালু, নদী ও গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগও করেন তিনি। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য পদযাত্রা রাজাপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

