শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে বন বিভাগ।
বুধবার (২৯ জুলাই) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় শরণখোলা রেঞ্জ অফিস মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে রেঞ্জ অফিস সংলগ্ন শরণখোলা বাজার থেকে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পরিবেশ সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে সাউথখালী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ছবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য, বাঘের আবাসস্থল এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে।
পরে রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. কামরুল ইসলাম, আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সুলতান আহমেদ, সাংবাদিক এস. এস. শোহান, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার, চরদোয়ানি বন্যপ্রাণী সুরক্ষা কমিটির সদস্য মো. মিজানুর রহমান, সিপিজি সদস্য আবুল আসলাম তুহিন বয়াতী ও ভিটিআরটি সদস্য জাকারিয়া হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের নয়, এটি বাংলাদেশের গর্ব এবং বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম প্রতীক। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাঘ ও তার আবাসস্থল সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও আরও সচেতন ও সম্পৃক্ত হতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

