ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে অভিযুক্ত গৃহবধূ দাবি করেছেন, ধর্ষণচেষ্টা থেকে আত্মরক্ষার জন্য তিনি এ কাজ করেছেন। এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার মৃত মোশাররফ মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে মিঠু মল্লিক গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
অভিযুক্ত গৃহবধূ জানান, ঘটনার সময় তাঁর স্বামী, যিনি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ে ছিলেন। ননদও কর্মস্থলে চলে যাওয়ার পর মিঠু মল্লিক বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে মিঠু তাঁকে উত্যক্ত করে আসছিলেন। আত্মরক্ষার জন্য একটি ব্লেড দিয়ে তিনি মিঠু মল্লিকের পুরুষাঙ্গে আঘাত করেন।
এ বিষয়ে আহত মিঠু মল্লিকের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রথমবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কল কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও সাড়া মেলেনি। তাঁর পরিবারের সদস্যদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

