স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাহুল মুছল্লী (৩০) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাবেক চেয়ারম্যান শামীম খানের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল মুছল্লী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাবুল মুছল্লীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাহুল তাঁর নসিমন নিয়ে সালামাবাদ সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে সাবেক চেয়ারম্যান শামীম খানের বাড়ির সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে তিনি ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

