Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৩০, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলে ছিলেন পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। ড. আহমেদ মুস্তফার সার্বিক সহযোগিতায় এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাতে গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে উপাচার্য অতিথিদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, ২০২৫ ও ২০২৬ সালে টাইমস হায়ার এডুকেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) এবং কিউএস র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাফল্য, কৃষি ও মৎস্য খাতে উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও আলোকপাত করেন।

বৈঠকে শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ড. আহমেদ মুস্তফা ও টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি এবং পারদু ইউনিভার্সিটির মধ্যে একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন। উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সাক্ষাৎ শেষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। তিনি গাকৃবির গবেষণা অবকাঠামো, চলমান বৈজ্ঞানিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার প্রশংসা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।