ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরে সামেলা (সাহেলা) আক্তার (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আব্দুর রাহিম শেখের (৩৫) বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান এলাকার আব্দুর রহমান মোল্লাডাঙ্গীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকাকালে রাহিম শেখ ধারালো অস্ত্র ও ভোঁতা বস্তু দিয়ে তাঁর মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সামেলা আক্তারের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তাঁর ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না পেলে মারধর করতেন। ঘটনার দিন সকালে তিনি কাজে যাওয়ার সময় রাহিম বাড়িতেই ছিলেন। পরে খবর পান, তাঁর ভাই মাকে হত্যা করে পালিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০১৬ সালে রাহিম শেখ তাঁর সৎ মাকে হত্যার একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় বছর কারাভোগ করেন। পরে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। এরপরও তাঁর আচরণ স্বাভাবিক হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলের আঘাতেই ওই নারীর মৃত্যু হয়েছে। অভিযুক্তের কক্ষ থেকে ফয়েল পেপার, মোমবাতি, সিগারেটের প্যাকেটসহ মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

