চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে কথায় কথায় মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে এলাকাবাসীকে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামবাসী।
শুক্রবার বিকেলে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্থানীয় বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন ও মো. জুয়েল। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ-পরিচালক নবিদুর রহমান এবং চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা শাহাব উল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, সামান্য বিরোধ কিংবা মতবিরোধ হলেই আবুল কাশেম বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করেন। তারা দাবি করেন, অতীতেও তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গত আট বছরে অন্তত অর্ধশত মানুষকে মিথ্যা মামলা ও অভিযোগে হয়রানির চেষ্টা করেছেন। তাদের মধ্যে কয়েকজন প্রবাসীও রয়েছেন, যারা দেশে ফিরতে ভয় পাচ্ছেন বলে বক্তারা দাবি করেন।
এদিকে চলতি সপ্তাহে দুই প্রবাসী জুয়েল ও জালালের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগ থানায় দায়ের করা হয়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই রূপক ঘোষ বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবুল কাশেমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ভুল নম্বরে কল করা হয়েছে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো অংশগ্রহণকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগতভাবে চূড়ান্ত সত্যতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

