যশোর প্রতিনিধি
যশোর জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শহরের টাউনহল মাঠে ২৮ ও ২৯ নভেম্বর উদ্যোক্তা মেলার প্রস্তুতি চলছিল। মাঠে মঞ্চ নির্মাণ, বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল তৈরি এবং শহরের বিভিন্ন ওয়ার্ডে মাইকিংও করা হয়। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে মেলা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন আয়োজক সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি সংস্থা রাইটস যশোরের তত্ত্বাবধানে এ মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। টাউনহল ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে মাঠ ব্যবহারের জন্য ফি জমা দেওয়া হয়েছে। মেলার মঞ্চ ও স্টল নির্মাণের জন্য মাঠের চারপাশে বাঁশের খুঁটি স্থাপনের কাজও শুরু হয়। পাশাপাশি শহরের বিভিন্ন মোড়ে মাইকিং করা হয়।
এদিকে সাম্প্রতিক সময়ে শহরের দুটি সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার প্রস্তুতি চলায় সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন উদ্যোক্তা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলা আয়োজন করা হলে নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ থেকেই যায়। মেলায় কোনো উদ্যোক্তা বিপদে পড়লে তার দায়ভার কে নেবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে এমন আয়োজন করা ঠিক নয়।
তবে মেলার আয়োজনকারী সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, আগামী ২ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রী আসবেন। এ ছাড়া ২৮ নভেম্বর কয়েকজন মন্ত্রী রাষ্ট্রীয় কাজে যশোরে আসবেন। সব মিলিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে মেলাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি এখনো কাউকে জানানো হয়নি। চিঠির মাধ্যমে মেলার পরবর্তী তারিখ উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হবে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন বলেন, সাধারণত মেলার অনুমতির জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হয়। জেলা প্রশাসন আবেদনটি পুলিশের কাছে পাঠায় যাচাই-বাছাই ও তদন্তের জন্য। তবে টাউনহল মাঠে উদ্যোক্তা মেলার বিষয়ে তাঁদের কাছে কোনো আবেদন আসেনি।
যশোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার বলেন, মেলার অনুমতির বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেখেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ছুটিতে আছেন। তবে তাঁর জানামতে, এ ধরনের মেলার অনুমতির জন্য জেলা প্রশাসনে কোনো আবেদন জমা পড়েনি।

