নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামি তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর জন্য ‘মডেল কলেজ নির্বাচন-২০২৬’ বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন করুন:https://collegeportal.nu.ac.bd/

পুলিশ জানায়, রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মো. সাখাওয়াত হোসেন (৩৫), ওরফে ‘মিলিটারি পুত সাখাওয়াত’-কে গ্রেফতার করা হয়েছে। তিনি রায়পুরা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় হত্যা, মাদক, নারী নির্যাতনসহ মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব চন্দ্র দে (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া মনোহরদী থানার পুলিশ একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি (উত্তরপাড়া) গ্রামে আল মামুন খন্দকারের বাড়ির উঠানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আল মামুন খন্দকার (৪৪) ও কাউছার মিয়া (৩৫)-কে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
রায়পুরা থানার এসআই (নিরস্ত্র) মো. মোস্তফা কামাল খানের নেতৃত্বে চরসুবুদ্ধি দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত আরেক অভিযানে মো. নিশাত মিয়া (১৯) ও মো. হাবিব মিয়া (২১)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
জেলা পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

