মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জনপ্রিয় অনলাইন নিউজ পেপার নবধারা’য় সংবাদ প্রকাশের পর যশোরের মনিরামপুর পৌরশহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদীর তীরে বাঁশের খুঁটির ওপর নির্মিত জরাজীর্ণ খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করা হাফিজুর রহমান ও জোহরা বেগম দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর তাঁদের খোঁজ নিতে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ইউএনও সম্রাট হোসেন নদীতীরের ওই বসতঘরে গিয়ে দম্পতির সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার খোঁজখবর নেন।
এর আগে প্রকাশিত সংবাদে উঠে আসে, বাঁশের খুঁটির ওপর চাটাই, পুরোনো চটের বস্তা ও ঘুণে ধরা কাঠ দিয়ে তৈরি একটি ছোট্ট ঘরে পলিথিনের ছাউনি টাঙিয়ে বসবাস করছেন হাফিজুর রহমান ও জোহরা বেগম। বর্ষায় ছাউনি চুইয়ে পানি পড়ে, আর গরমে অসহনীয় কষ্টে দিন কাটে তাদের। পরিবারের নামে বরাদ্দ পাওয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ছেলে পরিবার নিয়ে বসবাস করায় নদীতীরের ঝুঁকিপূর্ণ ঘরেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই দম্পতি।
সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য একটি সরকারি ঘরের প্রস্তাব দেওয়া হলেও পারিবারিক কারণে তা গ্রহণে অপারগতার কথা জানান জোহরা দম্পতি।
পরে ইউএনও সম্রাট হোসেন তাৎক্ষণিকভাবে তাদের হাতে ১০ হাজার টাকা নগদ সহায়তা এবং খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
ইউএনও সম্রাট হোসেন বলেন, বর্তমানে ঘরের পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। তাই দ্রুত টিনের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে তারা অন্তত নিরাপদে বসবাস করতে পারেন।
প্রশাসনের এ মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন হাফিজুর রহমান ও জোহরা বেগম। তারা সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

