কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করার দাবিতে চাঁদপুরের কচুয়ায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) ডাকবাংলো মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সমাবেশ শেষে একটি গণমিছিল ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাস্টার সিরাজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি আবু নোমান, সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. মনির হোসেন হেলালী, বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানীসহ স্থানীয় নেতারা।
বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান। পাশাপাশি, জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

