মো. শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রোয়াংছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম লংলেই পাড়ায় সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত সৌরচালিত সুপেয় পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোন কমান্ডার বলেন, দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে সেনাবাহিনী এই সৌরচালিত পানির পাম্প স্থাপন করেছে। এর মাধ্যমে লংলেই পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট অনেকাংশে দূর হবে এবং তাদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সৌরচালিত পানির পাম্প উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পাড়াবাসী সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রকল্পটি তাদের দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, লংলেই পাড়ার বাসিন্দা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

