Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলা: দুইজন সাময়িক বহিষ্কার, তিনজনকে জরিমানা

বুটেক্স প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুইজনকে সাময়িক বহিষ্কার এবং তিনজনকে জরিমানা ও মুচলেকার শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন—অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্ত এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের বর্ষণ বণিক। তারা যথাক্রমে বুটেক্স ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের সুমন সরকার ও ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের দেবনাথ মৌলিক চন্দ্রকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে সুমন সরকারের আইডি ও বিভাগে ভুল তথ্য উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে। তার বিভাগ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং হলেও বিজ্ঞপ্তিতে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে শৃঙ্খলা বোর্ডের ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে শৃঙ্খলাজনিত অপরাধ ও অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়ায় বুটেক্স শৃঙ্খলা বোর্ড বিধান-২০১৫-এর ধারা ৩(ঘ) অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে শাস্তির বিষয়ে অসন্তোষ জানিয়েছেন ঘটনার ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী মিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শৃঙ্খলা কমিটির নোটিশের পর তিনি প্রক্টর ও রেজিস্ট্রারের কাছে বিস্তারিত জানতে চান। রেজিস্ট্রারের কাছ থেকে জানতে পারেন, এটি চূড়ান্ত শাস্তির নোটিশ নয়; পরবর্তী সময়ে অভিযুক্তদের শোকজ করা হবে। শোকজের জবাবের ভিত্তিতে দ্বিতীয় শৃঙ্খলা কমিটির সভা এবং পরবর্তীতে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সাময়িক বহিষ্কারই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে তারা তা প্রত্যাখ্যান করবেন। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

আরেক ভুক্তভোগী রাইয়ান সিদ্দিকী পর্ব বলেন, প্রশাসন ‘সাময়িক বহিষ্কার’ বলতে কী বোঝাচ্ছে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট নয়। তার দাবি, সরাসরি হামলায় জড়িতদের তুলনায় আশপাশে থাকা কয়েকজন শিক্ষার্থী বেশি কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, দুই শিক্ষার্থীকে প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে তাদের শোকজ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। শোকজের জবাব পরবর্তী কমিটি যাচাই-বাছাই করবে এবং এরপর শৃঙ্খলা বোর্ডে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেকোনো শাস্তিমূলক সিদ্ধান্তের ক্ষেত্রে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া আইনগত প্রক্রিয়ার অংশ। বিশ্ববিদ্যালয় সেই নিয়ম অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে বুটেক্সের ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচারের দাবি জানান। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।