ফেনী প্রতিনিধি
সৌদি আরবে ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণকারী ফেনীর সোনাগাজীর রেমিট্যান্স যোদ্ধা গিয়াস উদ্দিন সুমনের (৪২) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ইউসুফ ভূঞা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সৌদি আরব থেকে সুমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে নিয়ে যান। মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
সুমনের স্বজনরা জানান, গত ২৮ জুলাই সৌদি আরবের হাফার আল বাতান এলাকায় তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে সহকর্মীরা তাকে কিং খালেদ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
গিয়াস উদ্দিন সুমন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
সুমনের নিকটাত্মীয় ও সৌদি আরবপ্রবাসী আনোয়ার হোসেন জানান, প্রায় দেড় বছর আগে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবের হাফার আল বাতানে যান সুমন। সেখানে কর্মরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে গিয়াস উদ্দিন সুমন স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন।

