চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার বাগিচাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় বাগিচাহাট এলাকার মেসার্স হাসনাত কর্পোরেশনের মালিক ও সার ডিলার মো. আবু ইউসুফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

