খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান জানান, চলতি অর্থবছরে খোকসা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৪০ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রত্যেক কৃষককে ১৫ কেজি এমওপি ও ১৫ কেজি ডিওপি সার এবং সাত প্যাকেট করে বিভিন্ন জাতের সবজি বীজ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় লেবুর চারা, জৈব সার, বৃক্ষরোপণের জন্য বিভিন্ন প্রজাতির চারা ও খুঁটি দেওয়া হচ্ছে। পাশাপাশি শীতকালীন কন্দ পেঁয়াজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের বিভিন্ন শাক-সবজির বীজও বিতরণ করা হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক ও উচ্চফলনশীল জাতের শাক-সবজি, ফল ও অন্যান্য ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোই এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য। প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথ নিয়মে ব্যবহার করলে কৃষকরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন বলে আশা করছে কৃষি বিভাগ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রণোদনার আওতাভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

