ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের ব্যবসায়ী মো. জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে অরুয়াইল বাজারের ‘সকল ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন বলে আয়োজকরা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা কামালের দায়ের করা মামলায় ব্যবসায়ী মো. জুনাইদ মিয়াকে আসামি করা হয়েছে। তারা মামলাটিকে হয়রানিমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী আমিনুল, আক্কাস, আবুল কালামসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, জুনাইদ মিয়া দীর্ঘদিন ধরে অরুয়াইল এলাকায় সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতা করে থাকেন।
বক্তারা আরও অভিযোগ করেন, জুনাইদ মিয়ার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলা করেছে। তাদের দাবি, জুনাইদ কখনো কারও কাছে চাঁদা দাবি করেননি এবং কারও কাছ থেকে টাকা ঋণ বা ধারও নেননি।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার পেছনে মূলত একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় কামালের ছেলে ও কুমিল্লার বুড়িচং এলাকার এক তরুণীর মধ্যে প্রেমসংক্রান্ত সম্পর্কের বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিষয়টির সমাধান না হওয়ায় পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে জুনাইদ মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদী পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও এলাকাবাসী একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি অরুয়াইল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ব্যবসায়ী জুনাইদ মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

