মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় মদ্যপান করে মাতলামি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তপু চন্দ্র দাস তপন (৩৫) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে খালিয়াজুরী নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদরের দীঘলহাটি এলাকার লক্ষ্মণ চন্দ্র দাসের ছেলে তপু চন্দ্র দাস তপন মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় নতুন বাজারে মাতলামি করছিলেন। এতে জনশান্তি ও সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।
খবর পেয়ে খালিয়াজুরী থানার এসআই আব্দুল করিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তপনকে আটক করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তপু চন্দ্র দাস তপন মদ্যপানের বিষয়টি স্বীকার করেন এবং নিজের অপরাধ স্বীকার করায় ইউএনও অলিদুজ্জামান তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তপু চন্দ্র দাস তপনকে বর্তমানে থানায় রাখা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

