নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। এতে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চায় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, “এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এসে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন এবং একই সঙ্গে নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।”
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করতে চায়।
তিনি সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভালো কাজের ভালো মানুষ’সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন তুলে ধরা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানান ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
এ সময় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মোঃ আরিফ হোসাঈন উপস্থিত ছিলেন।
পরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

