কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়ির পাশের পুকুরে পড়ে মাহিম মুন্সি নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই গ্রামের মো. ঠান্ডু মুন্সির ছোট ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাহিমের মা ঘরের মালামাল এক কক্ষ থেকে অন্য কক্ষে সরানোর কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুটির দিকে সে সময় কারও নজর ছিল না। এরই মধ্যে সবার অগোচরে মাহিম বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে পা পিছলে সে পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর মাহিমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। এরপর তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাত্র ১৯ মাস বয়সী মাহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মল্লিক বলেন, পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

