Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা; বরসহ গ্রেপ্তার ৩

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে আসামিকে নিয়ে ফেরার পথে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বরপক্ষের স্বজনসহ ২৫-৩০ জনের একটি দল। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে—এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয় এবং অভিযুক্ত বর আল-আমিনকে আটক করা হয়। পরে সরকারি গাড়িতে করে তাঁকে নিয়ে ফেরার সময় স্থানীয় ২৫-৩০ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। এ সময় তারা পুলিশ ও প্রশাসনের স্টাফদের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বর আল-আমিনসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম বলেন, “খবর পাওয়ার পর দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়। পরে বরসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজল নামে চারজনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আত্রাই থানায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।