ফরিদপুর প্রতিনিধি
কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু দুষ্কৃতিকারী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় ফরিদপুর উপজেলা হলরুমে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের ভোগান্তিতে ফেললে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ফরিদপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য অত্যন্ত ভালো। এ কারণে দেশের অনেক এলাকার তুলনায় এখানে তুলনামূলক কম পরিমাণ সার ব্যবহার করেও ভালো ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে এ অঞ্চলে পেঁয়াজ ও পাটের চাষ ভালো হয়।
সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।

