Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রুয়েট প্রতিনিধি 
আগস্ট ২৯, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের করেন শিক্ষার্থীরা। পরে র‌্যালিটি রাজশাহীর তালাইমারি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

‘রুয়েটের জমি রক্ষা করুন-সীমানা সুরক্ষিত করুন; অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘রুয়েটের সীমানাপ্রাচীর মুক্ত করো, মুক্ত করো’, ‘অবৈধ স্থাপনা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আমাদের দুই দফা মানতে হবে, মানতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেটসহ সব অননুমোদিত স্থাপনা উচ্ছেদ এবং মেইন গেট ও সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে ওঠা অননুমোদিত ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য স্থাপনা অপসারণ।

শিক্ষার্থীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহীর তালাইমারি এলাকায় রুয়েটের মালিকানাধীন জমির সীমানাপ্রাচীর ভেঙে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থাপনাটি থাকলেও জমি পুনরুদ্ধারে আগের রুয়েট প্রশাসন কার্যকর উদ্যোগ নেয়নি। বর্তমানে এর পাশেই পুরকৌশল অনুষদের ১০ তলা প্রাতিষ্ঠানিক ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের সামনে এমন স্থাপনা থাকায় শিক্ষার পরিবেশ, নিরাপত্তা, চলাচল ও ক্যাম্পাসের নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাত শাফিন তুর্য্য বলেন, “রুয়েটের সীমানার ভেতরে কোনো অননুমোদিত স্থাপনা আমরা চাই না। পাবলিক টয়লেট প্রয়োজন হলে তা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে উপযুক্ত স্থানে নির্মাণ করতে হবে। পাশাপাশি সীমানাপ্রাচীর ঘেঁষে থাকা দোকান ও অন্যান্য স্থাপনার কারণে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। ব্যস্ত মহাসড়কে হাঁটতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এসব স্থাপনা অপসারণ করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে।”

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সাত দিনের সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে পাবলিক টয়লেট, দোকানপাটসহ সব অননুমোদিত স্থাপনা দ্রুত অপসারণের দাবি জানান তারা। অন্যথায় পরবর্তী সময়ে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা নেবেন না বলেও জানান তারা।

এ ছাড়া মেইন গেট ও সীমানাপ্রাচীরসংলগ্ন ভ্রাম্যমাণ দোকানসহ অন্যান্য স্থাপনা অপসারণ করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। জনসাধারণের জন্য পাবলিক টয়লেটের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের জমির বাইরে উপযুক্ত ও বৈধ স্থানে তা নির্মাণের আহ্বান জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জমি অবৈধ দখল বা ব্যবহারের হাত থেকে রক্ষায় স্থায়ী নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কীভাবে বিশ্ববিদ্যালয়ের জমিতে অননুমোদিত স্থাপনা নির্মাণের সুযোগ তৈরি হয়েছে, সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তাদের ভাষ্য, রুয়েট শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি জমি, সীমানা ও অবকাঠামো রক্ষায় প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।

এর আগে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে ক্যাম্পাসের জমি দখল করে নির্মিত অননুমোদিত ও অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ, সীমানাপ্রাচীর ভেঙে জমি দখল বা অবৈধ ব্যবহারের স্থান চিহ্নিত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় স্থানে সীমানাপ্রাচীর সংস্কার বা পুনর্নির্মাণের দাবিও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।