দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক সরবরাহকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের মৃত ফরা মণ্ডলের ছেলে। তিনি আল্লারদর্গা বাজার এলাকার প্রাণ কোম্পানির পরিবেশক কেন্দ্রে সরবরাহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কল্যাণপুর বটতলা বাজার থেকে কোম্পানির পাওনা টাকা সংগ্রহ করে পায়ে হেঁটে আল্লারদর্গা বাজারের দিকে যাচ্ছিলেন জহুরুল ইসলাম। পথে চামনাই এলাকায় পৌঁছালে তারাগুনিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল কাঁচা মরিচবোঝাই দ্রুতগতির একটি আলগামন। এ সময় আলগামনটি পেছন থেকে জহুরুল ইসলামকে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য আল্লারদর্গা বাজারের একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

