কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। কচুয়ার তরুণ সমাজের উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে কচুয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৯ নম্বর ওয়ার্ড ২-০ গোলে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে।
খেলাটি পরিচালনা করেন রেফারি প্রফেসর সোহেব চৌধুরী, মো. সেলিম রেজা ও মোহাম্মদ গাউসুল আজম।
এর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি। কচুয়া সদর ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ রায়হান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শেখ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা শেখ হাবিবুর রহমান, হাজরা আসাদুল ইসলাম পান্না এবং বিএনপি নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান মাসুম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাজার সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু, বিশিষ্ট ক্রীড়াবিদ দিদার মজিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ নাজমুল হক নাদিম, ক্রীড়া সংস্থার সদস্য ও তরুণ সমাজ নেতা শেখ সুজন, খান সুমনসহ কচুয়ার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমির সালমান রনি বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং সুসংগঠিত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, কচুয়া সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় মাঠে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়।

