নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে খালের পানিতে সাঁতার শিখতে নেমে মো. ফাইসাল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাইসাল ওই এলাকার মো. সাহেব আলীর ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ফাইসাল সাঁতার জানত না। সাঁতার শেখার উদ্দেশ্যে মাঝেমধ্যে বাড়ির পাশের খালে গোসল করতে নামত সে। সোমবার দুপুরেও সাঁতার শেখা ও গোসল করার জন্য খালে নামার পর পানিতে ডুবে যায় ফাইসাল।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাইসালের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

