সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে মাটি, খড় ও রঙের নিপুণ কারুকাজে দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমাকে রূপ দিচ্ছেন তারা। তবে মাটি, রংসহ প্রতিমা তৈরির বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার প্রত্যাশিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন শিল্পীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর তার ওপর দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে হাত, মুখমণ্ডলসহ প্রতিমার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। সবশেষে রং-তুলির আঁচড়ে মৃন্ময়ী প্রতিমায় ফুটে উঠবে দেবীর পূর্ণাঙ্গ রূপ।
উপজেলার আটটি ইউনিয়নে এবার মোট ১৩০টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততাও বেড়েছে কয়েক গুণ।
মহম্মদপুর সদর সার্বজনীন শিব মন্দিরের প্রতিমা তৈরি করছেন বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রামের মৃৎশিল্পী নিরাঞ্জন পাল। তিনি ২০ বছরের বেশি সময় ধরে প্রতিমা তৈরির কাজ করছেন। বংশপরম্পরায় এ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
নিরাঞ্জন পালসহ অন্য মৃৎশিল্পীদের রং-তুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে প্রতিমাগুলো। দেবীপক্ষের আগমনের সঙ্গে এসব প্রতিমা স্থান পাবে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে।
মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী বলেন, পূজারিদের মধ্যে এবার ব্যাপক আগ্রহের পাশাপাশি কিছুটা শঙ্কাও রয়েছে। সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা করছি।

