নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে। আহতরা হলেন নিহতের বড় ভাই মুক্তার আলী, তার স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম ও ছোট ভাই ইমরান আলী। তারা বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলা গাছ ছাগলে খাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবারের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

