Nabadhara
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় আগুনে পুড়ল ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গুদামগুলোতে মজুত প্রায় তিন হাজার মণ পাটসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পাটের গুদাম ও দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে আটটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মাসুদ মন্ডল, ইমরুল ফকির ও সাবেক ইউপি সদস্য ফিরোজ। তাঁদের দাবি, গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট এবং দোকানের মালামাল পুড়ে যাওয়ায় সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফলিয়া গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা আহমদ শিকদার বলেন, প্রথমে একটি পাটের গুদামে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ পাট ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, খবর পেয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বেশ কয়েকটি গুদাম ও দোকান পুড়ে যায়। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের কাজ করা হচ্ছে।

এদিকে আগুনে বিপুল পরিমাণ পাট ও দোকানের মালামাল হারিয়ে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ক্ষতি কাটিয়ে উঠতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।