যশোর প্রতিনিধি
যশোরের ভৈরব নদ থেকে পলিথিন ও কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কুইন্স হসপিটাল। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুল হক রিয়নের নির্দেশনায় কালেরপুল থেকে দড়াটানা সেতু পর্যন্ত নদী পরিষ্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ কার্যক্রমে প্রতিদিন ১০ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। হাসপাতালের কর্মীরাও তাঁদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করছেন। বুধবার থেকে কাজ শুরু হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুল হক রিয়নের পক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের সিনিয়র ম্যানেজার মিঠু সাহা। এ সময় উপস্থিত ছিলেন কনস্ট্রাকশন ম্যানেজার মঈনুল হাসান, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, এনআইসিইউ ম্যানেজার আব্দার হোসেন ও বায়োমেট্রিক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ হাসপাতালের কর্মকর্তারা।
হাসপাতালের আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল জানান, ভৈরব নদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত কালেরপুল থেকে দড়াটানা সেতু পর্যন্ত পরিষ্কারের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

