সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজার এলাকার সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পিচঢালাই উঠে সড়কটির বেহাল অবস্থা হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। বৃষ্টি হলেই গর্তে পানি জমে কাদার সৃষ্টি হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও সাধারণ মানুষকে।
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী থেকে শুরু হয়ে ধুনট হয়ে শেরপুরগামী গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন সাধারণ যানবাহনের পাশাপাশি যমুনা নদী থেকে বালুবোঝাই শতাধিক ভারী ট্রাক চলাচল করে। হরিনাথপুর বাজার এলাকায় প্রায় ১৫০ মিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে কাদা ও পানি জমে থাকায় প্রায়ই ভারী ট্রাক আটকে যাচ্ছে। ঘটেছে দুর্ঘটনাও।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির দিনে গর্তে জমে থাকা পানির কারণে সড়কের প্রকৃত অবস্থা বোঝা যায় না। এতে অটোরিকশা ও ভ্যানগাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে বৃষ্টি না থাকলে গর্তের শুকনো ধুলাবালি উড়ে আশপাশের দোকানপাট ও পথচারীদের দুর্ভোগ বাড়ায়। কাদার কারণে সাধারণ মানুষের হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বাজারের ভেতরের সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে আছে। বৃষ্টির পানিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও এখনো সংস্কারকাজ শুরু হয়নি।
হরিনাথপুর বাজার এলাকার বাসিন্দা জাহিদ হাসান বলেন, ‘আমরা এখন বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু কে শোনে কার কথা। সড়কের কাদা-পানি আর শুকালে ধুলাবালিতে নাকাল আমরা।’
আমিনা মনসুর কলেজের শিক্ষার্থী রায়হান মিয়া বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের কলেজে যেতে হয়। বইখাতা নিয়ে একদিন এই গর্তে পড়েও গিয়েছিলাম।’
এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রকৌশলী মনসুরুল হক বলেন, রাস্তাটি ধুনট এলজিইডির আওতাধীন হওয়ায় তাঁরা সেখানে কাজ করতে পারছেন না।
ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, সড়কটির টেন্ডার হয়েছে। তবে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার এখনো কাজ শুরু করেননি। শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।

