গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে এক হকারে লাথিতে অপর এক হকার মারা গেছেন।
নিহত হকারের নাম কেসমত শেখ (৪৬)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তাহের কাজীর পাড়ার মৃত ভাসান শেখের ছেলে। পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিটি কেয়ার হসপিটালে তিনি মারা যান।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে ,গত ১৭ সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়ার ৪ নং ফেরিঘাটে হকার কেসমত শেখ ও জীবন ফকির ফেরীতে তাদের পন্য বিক্রয় নিয়ে মারামারিতে লিপ্ত হন।
একপর্যায়ে হকার জীবন ফকির সজোরে হকার কেসমতের তলপেট ও পুরুষাঙ্গ বরাবর প্রচন্ড বেগে কয়েকবার লাথি মারে। এতে কেসমতে মাটিতে লুটে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয় । ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি থাকাকালীন তার শারিরীক অবস্থার আরো অবনতি হলে ঢাকা শ্যামলী সিটি কেয়ার হসপিটালে নিয়ে যান স্বজনরা।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, শনিবার বিকেলে লাশ ঢাকা থেকে গোয়ালন্দে আনা হলে তারা ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ীর মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় জীবন ফকিরকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে।

