বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার দুটি পৃথক স্থান থেকে একদিনে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শাহিদা আক্তার রোজী (৫৫) ও মো. নাঈম (২৬)।
বুধবার (২১ মে) দুপুরে বরগুনা পৌর শহরের কমিশনার ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে শাহিদা আক্তার রোজীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রায় আট মাস ধরে সেখানে ভাড়া থাকতেন। পরিবারের সদস্যদের সঙ্গে দুই দিন ধরে যোগাযোগ না থাকায় উদ্বিগ্ন হয়ে তারা বাসায় এসে তালা লাগানো দেখতে পান। পরে বাড়ির মালিক ও দারোয়ানের সহায়তায় তার ছেলে ও পুত্রবধূ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে রক্তমাখা অবস্থায় তার মরদেহ দেখতে পান।
অন্যদিকে, একই দিন সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের খাজুড়া গ্রামের একটি বাগান থেকে মো. নাঈমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবার জানায়, নাঈম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ওসিডি (অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার) রোগে ভুগছিলেন। তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। মরদেহের হাতে বাঁধা লাল সুতা ও পরনের কাপড় দেখে পরিবার তাকে শনাক্ত করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, পৃথক দুটি স্থান থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা মর্গে পাঠানো হয়েছে।

